অনাপত্তিপত্র বন্ধ গ্রাহক ভোগান্তি বাড়াবে: রবি
পাওনা আদায়ে গ্রামীণফোন ও রবি’র নো অবজেকশান সার্টিফিকেট বা এনওসি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রবি আজিয়াটা লিমিটেডের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেছেন, "ব্যান্ডউইথ সীমিত করার সিদ্ধান্ত প্রত্যাহার করে অনাপত্তিপত্র (এনওসি) বন্ধের সিদ্ধান্তে শুধুমাত্র গ্রাহকের ভোগান্তিই বাড়বে।
তিনি আরো বলেন, অনাপত্তিপত্র বন্ধের কারণে বিনিয়োগ বন্ধ থাকবে, যার কারণে নেটওয়ার্কের সম্প্রসারণ ও সেবার মান উন্নয়নের সমস্ত পরিকল্পনা বাধাগ্রস্ত হবে। টেলিযোগাযোগ খাতে জড়িত অন্যান্য প্রতিষ্ঠান যেমন-নেটওয়ার্ক পার্টনার, এনটিটিএনসহ আইটি সামগ্রী ও সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে।
‘নতুন লাইসেন্স প্রাপ্ত তিনটি টাওয়ার কোম্পানির ব্যবসাও এর ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে’ যোগ করে শাহেদ আলম বলেন, এর ফলে নতুন বিনিয়োগও আটকে যাবে। সব মিলিয়ে এ সিদ্ধান্ত গ্রাহকের ওপর বহুমাত্রিক নেতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আরো বলেন, সকল বিরোধ নিষ্পত্তিতে সালিশী আইন ২০০১ সবার ক্ষেত্রে প্রযোজ্য এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি চাপ প্রয়োগ করে বিতর্কিত দাবির টাকা উদ্ধারের চেষ্টা না করে নিয়মতান্ত্রিকভাবে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করলেই দেশ ও জনগণের স্বার্থ রক্ষা হবে।"